মেহেরপুর নিউজ, ২২ জানুয়ারী:
মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা যাত্রী ছাউনি এলাকায় নাসির উদ্দীন (৪০) নামের এক শ্যালো ইঞ্জিন চালিত যান আলমসাধু চালক কে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারী। এসময় ছিনতাইকারী আলমসাধুটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। নিহত নাসির উদ্দিন সদর উপজেলার চাঁদপুর এলাকার শিশিরপাড়া গ্রামের ফরজ আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার টার দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহতের ভাই ইসরাইল হোসেন জানান, নাসির উদ্দিন বারাদি বাজার থেকে আলমসাধু নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় সে বাধা দিতে চাইলে তাকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে আলমসাধুটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা জেনালের হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম জানান, নাসিরের ডান হাত ও পিঠে বড় ধরণের জখম হয়েছে। পিঠের আঘাতটি ফুসফুস ছিদ্র হওয়াসহ অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, নাসির উদ্দীনের লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রয়েছে। খুনীদের গ্রেফতারে অভিযান চলছে।