মেহেরপুর নিউজ:
শাকসবজির জেলা হিসেবে খ্যাত মেহেরপুর জেলায় মাছ চাষে অধিক লাভজনক হওয়ায় মেহেরপুর জেলার তিনটি উপজেলাতে পুকুর কাটার হিড়িক পড়ে গেছে। ‘জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না’—এমন সরকারি নির্দেশ থাকলেও মেহেরপুর জেলার তিন ফসলি কৃষি জমিগুলোকে পরিণত করা হচ্ছে গভীর পুকুরে। এতে করে জেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ।
আইন কানুনের কোনরকম তোয়াক্কা না করে নির্বিচারে তিন ফসলি জমিতে দিনরাত বিরতিহীন পুকুর খনন করে সেই মাটি আবার বিভিন্ন ইটভাটায় সরবারহ করা হচ্ছে। কৃষকরা না বুঝে হারাচ্ছেন তাদের উর্বর ফসলি জমি। অপরদিকে রাস্তার উপর দিয়ে মাটি দূষণের ফলে একটু পানি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। অন্যদিকে আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন এক শ্রেণির প্রভাবশালী পুকুর ব্যবসায়ীরা। অভিযোগ দিয়েও কোনো রকম প্রতিকার না পাওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
খনন কাজে ব্যবহার করছে এস্কোভেটরি মেশিন (ভকু), তারপরেও স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। মেহেরপুর শহরের আশেপাশে সহ জেলার তিনটি উপজেলা বিভিন্ন গ্রামের মাঠে তিন ফসলী জমি খনন করে সেখানে পুকুর কাটা হচ্ছে। অনেক জায়গায় দেখা গেছে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে পুকুর কাটা হচ্ছে।
সরকারিভাবে তিন ফসলি জমিতে পুকুর কাটার উপর বিধিনিষেধ আরোপ করলেও মেহেরপুরে এ আইনের কোনো তোয়াক্কা করছে না কেউ। পুকুর কেটে ট্রাকটর দিয়ে এই সমস্ত মাটি চলে যাচ্ছে ইটভাটায়। মেহেরপুর জেলায় অব্যাহত গতিতে পুকুর কাটার ফলে মেহেরপুরের তিন ফসলী জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনের দৃষ্টি গোচর হওয়া দরকার বলে অনেকের মত পোষণ করেছেন।