মেহেরপুর নিউজ:
ঋতু অনুযায়ী শীত চলে গেছে, বসন্তও মাঝপথে। তারপরও মেহেরপুরে প্রচন্ড ঘন কুয়াশা জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে মেহেরপুরে আবারও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে।
শুক্রবার ভোর থেকে মেহেরপুরের আকাশে ঘন কুয়াশা পড়া শুরু করে, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। এ সময় হালকা শীত অনুভূত হয়। কুয়াশার কারণে সব ধরনের যানবাহন তাদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশার কারণে উঠতি ফসলসহ আমের মুকুলের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে অনেকে মত প্রকাশ করেছেন। গত সপ্তাহে কুয়াশার তীব্রতা কিছুটা কম হলেও শুক্রবার প্রচন্ড ঘন কুয়াশা পড়তে দেখা গেছে, মেহেরপুরের আকাশ মূলত ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। তবে বেলা ৯ টার পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রাদুর্ভাব কমতে থাকে।