মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমুর নেতৃত্বে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার শতাব্দী ফিলিং স্টেশন, নূর ফিলিং স্টেশন, মেহেরপুর ফিলিং স্টেশন ও মা ফিলিং স্টেশন এবং মুজিবনগর উপজেলার মুজিবনগর ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।
এসময় দেখা যায়, মেহেরপুর ও নূর ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি চলমান রয়েছে। শতাব্দী ফিলিং স্টেশন ও মুজিবনগর ফিলিং স্টেশনে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ ছিল। অন্যদিকে মা ফিলিং স্টেশনে শুধুমাত্র ডিজেল বিক্রি চলছিল।
অভিযানকালে মজুদ রেজিস্টারের সাথে বাস্তব মজুদের মিল যাচাই করা হয়। পরবর্তীতে নতুন তেল সরবরাহ পাওয়া মাত্রই সকল ফিলিং স্টেশনে মজুদ থাকা পর্যন্ত নিয়মিত তেল বিতরণ অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়।