মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে সদর উপজেলার একাধিক ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকৃত ফিলিং স্টেশনগুলো হলো— মা ফিলিং স্টেশন, শতাব্দী ফিলিং স্টেশন এবং জেড. কে ফিলিং স্টেশন।
পরিদর্শনকালে মজুদ রেজিস্টারের সঙ্গে সংরক্ষিত তেলের পরিমাণ মিলিয়ে যাচাই করা হয়। এ সময় পাম্প মালিকদের তেল মজুত থাকা সাপেক্ষে নিয়মিত বিতরণ অব্যাহত রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
পরবর্তীতে সদর উপজেলার আমঝুপি এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং হেলমেট ব্যবহার না করায় ৪টি পৃথক মামলায় মোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়।