মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের বামনপাড়া যুব সংঘের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাসন্তী পূজার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ড. অশোক চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সনজিত পাল বাপ্পি, পৌর সভাপতি বিশ্বনাথ সাহা, সাধারণ সম্পাদক তরুণ বিশ্বাস, পুরোহিত সঞ্জয় অধিকারী এবং জগন্নাথ মন্দিরের পরিচালক সুমোহন মুকুন্দ দাস।
বাসন্তী পূজা দেবী দুর্গার আদিরূপের আরাধনা, যা পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা সুরথ প্রবর্তন করেছিলেন। এটি বাঙালির আদি দুর্গাপূজা বা চৈত্র দুর্গাপূজা নামেও পরিচিত। অশুভ শক্তির বিনাশ, জাগতিক সমৃদ্ধি, মানসিক শান্তি এবং হারানো সম্পদ ফিরে পাওয়ার কামনায় এই পূজা অনুষ্ঠিত হয়।
মার্কণ্ডেয় পুরাণ অনুসারে, মেধা মুনির পরামর্শে রাজ্যহারা রাজা সুরথ ও সমাধি বৈশ্য বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করে তাদের হারানো রাজ্য ও সম্পদ ফিরে পান। শরতের দুর্গাপূজা যেখানে যুদ্ধের প্রতীক, সেখানে বাসন্তী রূপে দেবী অত্যন্ত শান্ত ও সৌম্য।
চৈত্র নবরাত্রীর অংশ হিসেবে এই পূজা বসন্তের সজীবতা, নতুন সৃষ্টির সূচনা এবং প্রকৃতির পরিবর্তনের প্রতীক। ভক্তদের বিশ্বাস, আদিশক্তি মহামায়ার এই আরাধনা মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে।