মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রূপান্তর ও প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুরের গণমাধ্যম কর্মীদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়ার সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জেলা তথ্য অফিসার আব্দুল্লাল আল মামুন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাংবাদিক রফিক-উল আলম, দিলরুবা খাতুন, রামিজা আহসান, রূপান্তরের প্রতিনিধি কাজী মফিজুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে আমাদের সমাজের যেসব সমস্যা রয়েছে, তার মধ্যে বাল্য বিবাহ অন্যতম। দরিদ্রতা ও সামাজিক দৃষ্টিভঙ্গিসহ আরও অনেক কারণে মেয়েরা বাল্য বিবাহের শিকার হয়। বাল্য বিবাহ প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাল্য বিবাহ বন্ধ করতে শুধু আইন দিয়ে নয়, চাই সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন। সাধারণ মানুষকে বাল্য বিবাহর কুফল সম্পর্কে সচেতন করতে সংবাদ মাধ্যমকর্মীদের কাজ করে যেতে হবে।