মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মে:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর বিএনপি।
আজ রোববার দুপুরে মেহেরপুর-০১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর কাথুলী বাসষ্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কাথুলী বাসস্ট্যান্ড প্রাঙ্গনে মিছিলপুর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আলমগীর খান সাতু, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জাতীয় পার্টির (বিজেপি) শেখ সাঈদ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাসুদ অরুন বলেন, মামলা নির্যাতন, গুপ্তহত্যা, অপহরণ করে সরকারের শেষ রক্ষা হবে না। সভাপতির বক্তব্যে আমজাদ হোসেন এমপি বলেন, ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে।