মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ ফেব্রুয়ারি:
মেহেরপুরে সদর উপজেলা নির্বাচনে বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বন্দর গ্রামের বিএনপি সমর্থক আজাদ, ইলিয়াস,আশকার ও ওহাব নামে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ইলিয়াসকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া ভোটারদের আনা নেয়ার কাজে ব্যবহৃত একটি রিক্সা ভাংচুরের ঘটনা ঘটেছে।
এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকাল সাড়ে ৯টার সময় বন্দর গ্রামের বিএনপি সমর্থকরা পার্শ্ববর্তি বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামীলীগ সমর্থকরা বাঁধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বিএনপি’র তিন সমর্থক আহত হয়। পরে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেন্দ্র থেকে ৪’শ গজ দুরে ছোট একটি সমস্যা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে আছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে জামাত-বিএনপি সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।