মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জীবিকায়নের লক্ষ্যে মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাসিমা খাতুন, কুসুম আখতার ও উম্মে হানি চায়না। বক্তারা সরকারি এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।