মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের কাশ্যবপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের নেতৃত্বে একটি দল কাথুলি অটোস্ট্যান্ড সংলগ্ন কাশ্যবপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সেলিমের পুত্র মোঃ হাবিবুর রহমান (৩০)-এর বসতঘরে অভিযান চালায়।
অভিযানকালে তার নিজ কক্ষে রাখা ফ্রিজের কম্প্রেসারের উভয় পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে হাবিবুর রহমান পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।