মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের এক শিশু ধ*র্ষ*ণ মামলায় আসামী রিগান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রিগান হোসেন সদর উপজেলার তেরোঘরিয়া উত্তরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের রহিদুলের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে ২০২৩ সালের ১০ মার্চ পার্শ্ববর্তী তেরোঘরিয়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। একই বছরের ১৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে নানার বাড়ির পাশে রিগান হোসেনের দোকানের সামনে খেলার সময় অভিযুক্ত রিগান তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানঘরের ভেতরে নিয়ে যায়।
সেখানে শিশুটিকে জোরপূর্বক ধ*র্ষ*ণ করা হয়। ঘটনার একপর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে রিগান হোসেন সেখান থেকে পালিয়ে যায়। পরে রিগানের মা ছকিনা খাতুন শিশুটিকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে তার নানির বাড়িতে রেখে যান। জ্ঞান ফিরে পেলে শিশুটি পুরো ঘটনা খুলে বলে।
পরবর্তীতে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার করা হয়।
এ ঘটনায় ২০২৩ সালের ১৬ মার্চ মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৩১, জি.আর কেস নং-১২৩/২৩, শিশু ধর্ষণ মামলা নং-১৮/২০২৬)।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট (নং-১১৮) দাখিল করেন। এর আগে আসামি রিগান হোসেন আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মামলায় মোট ১৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।
সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য ও ইব্রাহিম শাহীন কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।