মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর সীমান্ত থেকে ফাকের আলী নামের এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। আটক বাংলাদেশী নাগরিক শোলমারি গ্রামের ইয়ারখুলু’র ছেলে ফাকের আলীকে আজ শুক্রবার বেলা ১২ টার দিকে শুভরাজপুর সীমান্তের ১৩২ নং মেইন পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে বলে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি’র শোলমারি ক্যাম্পের কোম্পানী কমান্ডার জানিয়েছেন।
বিজিবি’র কাথুলী ক্যাম্পের কোম্পানী কমান্ডার জুলফিকার মোবাইল ফোনে
মেহেরপুর নিউজকে জানান,ঘটনা সত্য। বিএসএফ সদস্যরা ফাকের আলী নামের এক বাংলাদেশী নাগরিককে সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে। বিজিবি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছিল। বিকাল ৪ টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পতাকা বৈঠকের জন্য আমরা সীমান্তের ১৩২/২আর মেইন পিলারের কাছে অপেক্ষা করছি। পতাকা বৈঠকের মাধ্যমে কি কারণে তাকে আটক করা হয়েছে সেটা পরিস্কার হওয়া যাবে।
সীমান্ত সূত্রে জানা যায়,আজ শুক্রবার বেলা ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের ইয়ারখুলু’র ছেলে পুলিশের লাইনম্যান ফাকের আলী শুভরাজপুর সীমান্তের ১৩২ নং মেইন পিলার অতিক্রম করে ভারতীয় ভ‚খন্ডে প্রবেশ করে। এসময় বিএসএফ এর রাউট বাড়ি ক্যাম্পের টহল সদস্যারা তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়।
শোলমারি গ্রামের লোকজনেরা জানান,ফাকের আলী এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী ও পুলিশের লাইনম্যান। ধারনা করা হচ্ছে,মাদক পাচার করতে গিয়েই বিএসএফ এর হাতে সে আটক হয়েছে।