মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীর মহির উদ্দিন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের বামন্দী শাখার সভাপতি মহিবুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক হামিদুর রশিদ মুন্নাকে আসামি করার প্রতিবাদে জেলা প্রশাসককে স্মারক লিপি দিয়েছে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন। স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, শ্রমিক নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে ঈদের পর থেকে সকল রুটে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হবে।
রোববার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ কুদ্দুস ও সাধারণ সম্পাদক আহসান হাবিব সোনা জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের হাতে স্মারকলিপি’র একটি কপি তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, কে বা কারা মহিকে হত্যা করেছে অথচ শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করার পাশাপাশি তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করে এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। একই সাথে তাদের পরিবারের লোকজনদের হুমকি দেয়া হচ্ছে।
হামলাকারীরা হামিদুর রশিদ মুন্নার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করাসহ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্মারকলিপিতে আরও বলা হয়, শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করায় সাধারণ শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।