মেহেরপুর নিউজ,১০ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি থেকে ৭৩৯ পিস ভারতীয় শাড়িসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর পুলিশ ফাঁড়ির এটিএসআই আনছার আলী শাড়িসহ ট্রাকটি জব্দ করে। পরে খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি ঘটনাস্থল থেকে শাড়ি বোঝাই ট্রাকটি মেহেরপুর সদর থানায় নিয়ে আসে। মেহেরপুর সদর থানা চত্বরে পুলিশ সুপারের উপস্থিতিতে ট্রাকে থাকা ৬টি শাড়ির পেটি নামিয়ে তা গণনা করে ৭৩৯টি শাড়ি পাওয়া যায়।
সদর থানার ওসি আহসান হাবিব বলেন, মুজিবনগর থেকে ভারতীয় একটি শাড়ির চালান আমঝুপিতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এটিএসআই আনছার কোর্ট মোড়ে ট্রাকটিকে ( ঢাকা মেট্রো-১৬-৮৮৯০) চ্যালেঞ্জ করে। এ সময় ট্রাকটি না থামলে তার পিছু ধাওয়া করে এ পুলিশ কর্মকর্তা। পরে সদরের আমঝুপি জোয়ার্দার
পাড়া থেকে ট্রাকটি জব্দ করেণ তিনি।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেন, ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার টেহট্র থানার এমডি খান নামের এক ব্যবসায়ীর দোকানের সিল মারা আছে শাড়ির পেটিতে। তিনি বলেন, আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে চোরাকারবারীরা ভারতীয় পন্য এনে দেশে বাজারজাত করার চেষ্টা চালাচ্ছিল। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্যে ২৫ লক্ষ টাকা হবে বলে পুলিশ সুপার জানান।