জুলিফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ আগস্ট:
মেহেরপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। এ বছরের ৭ মাসে ১৬টি খুনের ঘটনা ঘটেছে।একের পর এক খুনের ঘটনায় আবারও অশান্ত হয়ে উঠেছে এ অঞ্চল। খুন, চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি,মোটরসাইকেল চুরি সহ নানা ধরণের অপরাধের কারণে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে বেশ অবনতি ঘটেছে।
ক্ষমতার দাপট, জমি নিয়ে বিরোধ, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, জুয়া খেলা, রাজনৈতিক প্রতিহিংসা, আধিপত্য বিস্তার, যৌতুক ও পরকীয়াজনিত কারণে জেলায় একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বলে পুলিশসহ বিভিন্ন সংস্থার ধারণা।
চলতি বছরে এ পর্যন্ত মেহেরপুর জেলায় ১৬টি খুনের ঘটনা ঘটেছে।এর মধ্যে গাংনী উপজেলায় ৮টি, সদর উপজেলায় ৬টি ও মুজিবনগর উপজেলায় ২টি খুনের ঘটনা ঘটেছে। খুনের পাশাপাশি এলাকায় চলছে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপকর্ম ।
এসব অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষ সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এবং আইন প্রয়োগকারী সংস্থার নীরব ভূমিকায় আরও বেশী আতঙ্কিত হয়ে পড়ছে এখানকার সাধারণ মানুষকে।
উল্লেখ্য,গত ২২ জানুয়ারি গাংনী উপজেলার রামনগর গ্রামে কবরী বেগম(৩৬) নামে এক গৃহবধূকে পারিবারিক কলহের জের ধরে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তার পাষণ্ড স্বামী হামিদুল ইসলাম।১৯ ফেব্রুয়ারি মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের জাবারুল (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
এছাড়া ২ এপ্রিল গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে ও গুলি করে হাবিল উদ্দিন ও আতাহার নামে ২ আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়। ১৮ এপ্রিল সদর উপজেলার গোভীপুর গ্রামে গাছকাটাকে কেন্দ্র করে মজিবর রহমানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।
১৫ মে মেহেরপুর শহরের মল্লিক পাড়া থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। ২০ মে গাংনী উপজেলার বামন্দীতে নিজ বোমাঘাতে নিহত হয় আব্দুস সালাম(৩৮) নামে এক দুর্বৃত্তরা।
এ বছরের ৩ জুন মেহেরপুর শহরের কাছে নায়েব বাগানে জুয়া খেলাকে কেন্দ্র করে রিপন(২২) ও ইমরান(১৮) নামে ২ যুবক নিহত হয়। ১৬ জুন গাংনী উপজেলার কাজিপুর গ্রামে ফেনসিডিল চালান ধরিয়ে দেওয়ার কারণে বিজিবির ২ সোর্স রফিকুল ইসলাম(৪২) ও আফজালকে (৪০) নামে আপন দু’ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে মাদক ব্যবসায়ীরা।
১৬ জুলাই গাংনী উপজেলার নিশিপুর গ্রামের মাদক ব্যবসায়ী ও যুবলীগ কর্মী মহির উদ্দিনের গুলিবিদ্ধ লাশ শুকুরকান্দির একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। মহির র্যাবের হাতে নিহত হয়েছে বলে গুঞ্জন শোনা গেলেও স্থানীয় আওয়ামী লীগ নেতারা সেটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে বামন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আওয়ালসহ ১৭ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, মহির হত্যাকে কেন্দ্র করে ঘটনার দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন ও স্থানীয় আওয়ামী নেতা শহিদুল বিশ্বাসের নেতৃত্বে যুবলীগ ক্যাডাররা বামন্দী বাজারের ৮/১০টি দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।এ সময় দুর্বৃত্তরা আব্দুল আওয়াল চেয়ারম্যানের বাড়িঘরও ভাঙচুর ও লুটপাট করে।
৩০ জুলাই মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল এলাকায় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশে উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ বেওয়ারিশ হিসেবে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। পরদিন ৩১ জুলাই মুজিবনগর উপজেলার রশিদপুর গ্রামের একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাতপরিচয় আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাকেও বেওয়ারিশ হিসেবে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
গত ৬ আগস্ট রাতে গাংনী উপজেলার রামদেবপুর গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তার পাষণ্ড স্বামী পালিয়ে গেছে। স্বামীর পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ার কারণেই তাকে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। একই রাতে গাংনীর ধানখোলা গ্রামের মকলেছের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের ছোড়া বোমায় ১৬ গ্রামবাসী আহত হয়।
গত ৭ আগস্ট দিনগত রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীদের হাতে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে নিজ বাড়িতে খুন হয় সাদের হোসেন নামে এক বৃদ্ধ।
এছাড়া, ৭ আগস্ট গাংনীর নিশিপুর গ্রামের যুবলীগ ক্যাডার আমিরুল ইসলাম ওরফে আলী, সাজেদ, বামন্দীর সালামের নেতৃত্বে কিরণ ট্রেডার্সে সশস্ত্র অবস্থায় প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৫ লাখ টাকা লুট করে নেয়।
একই রাতে গাংনীর চরগোয়ালগ্রামে ঔষধ ব্যবসায়ী রুবেলের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের গুলিতে রুবেল (২৭) গুরুতর আহত হয়।
মেহেরপুরের পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি বলেন, মেহেরপুরে অপরাধ প্রবণতা কমাতে পুলিশ যথাসাধ্য কাজ করে যাচ্ছে। এছাড়াও অপরাধপ্রবণ এলাকাগুলোতে নৈশপ্রহরার ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে তিনি জানান।
মেহেরপুরের গাংনী র্যাব-৬-এর কমাণ্ডার এএসপি কামরুল হাসান জানান, ‘যদিও আমি নতুন এসেছি।সবার সহযোগিতা নিয়ে সন্ত্রাস দমনে র্যাব কাজ করে যাবো।অপরাধীরা যে দলেরই হোক না কেন, তাদেরকে ছাড় দেওয়া হবে না।‘