মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগস্ট:
মেহেরপুর জেলার সদর উপজেলার গোপালপুর গ্রামের অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত গোডাউন থেকে নকল ৭৪ হাজার পিচ গোল্ড লিফ,৬লাখ ৫৫ হাজার ২০০পিছ স্টার সিগারেট,১৩০০ কেজি তামাক পাতা, ৯৭০ পিছ গোল্ডলিফ স্টার ও বেনসন সিগারেটের মোড়ক, ৪ প্যাকেট বেনসন সিগারেট,২টি প্যাকেজিং মেশিন এবং সিগারেট তৈরীর সরঞ্জাম সহ সিরাজুল ইসলাম নামের এক প্রতারককে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা।আটক সিরাজুল ইসলাম দিঘিরপাড়া গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।
আজ রোববার দুপুরে আটক সিরাজুল ইসলামকে আদালতে হাজির করেছে পুলিশ। রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
র্যাবের গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়ের জানান,আটক সিরাজুল সহ একটি চক্র দীর্ঘদিন ধরে ব্রিটিশ আমেরিকান টোবাকোর সিগারেট জাল করে ব্যবসা চালিয়ে আসছে। সিরাজুলের বিরুদ্ধে সিগারেটের ব্যান্ডরোল নকল করে বাজারজাত করায় কর ফাঁকির মামলা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র্যাব সদস্যরা ক্রেতা সেজে নছিমনে চেপে গোপালপুর থেকে মেহেরপুরে আসার পথে সিগারেট কেনার পর নকল সিগারেট সহ সিরাজুল ইসলাম নামের এক প্রতারককে আটক করে ব্রিটিশ আমেরিকান কোম্পানির মেহেরপুরের দায়িত্বরত কর্মকর্তাকে সংবাদ পাঠায়। সংবাদ পেয়ে ব্রিটিশ অ্যামেরিকান কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা তৌহিদ আনোয়ার ঘটনাস্থলে পৌছায় এবং নকট সিগারেট সনাক্ত করেন।
আটক সিরাজুলের দেওয়া তথ্য মতে,আজ রোববার ভোর সাড়ে ৩টার সময় মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্পের একটি টীম সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।
ব্রিটিশ- আমেরিকান টোব্যাকো কোম্পানীর সিকুরিটি অফিসার তৌহিদুল আনোয়ার জানান, র্যাব কমান্ডারের মোবাইল ফোন পাবার পর ওই রাতেই ঘটনাস্থলে এসে নকল সিগারেট ও সরঞ্জামাদি দেখতে পাওয়া যায়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে। তিনি আরো জানান, বাজারে প্রায়ই নকল সিগারেটের আমদানীর কথা শোনা যাচ্ছিল। কোম্পানীর লোকজনও গোপনে গোপনে তদন্ত চালাচ্ছিল। এরই মধ্যে র্যাবের হাতে এ চক্রটি ধরা পড়ল।