মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের সঙ্গে দেখা করতে না পেরে আদালত কক্ষে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই শরীফ নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিচার চলাকালে হঠাৎ বিকট শব্দে জানালার কাচ ভেঙে একটি পাথর এজলাস কক্ষের ভেতরে এসে পড়ে। এতে এজলাসে উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও অন্যান্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বিচারিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঘটনার পর কোর্ট পুলিশের এএসআই নুরুল ইসলাম অভিযুক্ত শরীফকে আটক করেন। শরীফ মেহেরপুর শহরের নতুন শেখপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, আইনজীবীদের উপস্থিতিতে বিচারকের সামনে হাজির করা হলে আটক ব্যক্তি স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন। তিনি দাবি করেন, ইসলামের বাণী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। যোগাযোগে ব্যর্থ হয়ে এবং আদালতে প্রবেশের অনুমতি না পেয়ে ক্ষুব্ধ হয়ে এজলাস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন বলে জানান।
বিচারকের সামনে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। একপর্যায়ে তিনি দাবি করেন, “আমি মরলে শহীদ হব।” এরপর তিনি অসংলগ্ন ও বিভ্রান্তিকর বক্তব্য দিতে থাকেন বলে আদালত সূত্র জানিয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় বিচারকের নির্দেশে তাকে আদালতের হাজতখানায় পাঠানো হয়। পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি খাতা ও একাধিক কাগজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাগজপত্রে ধর্মীয় ও রাজনৈতিক বক্তব্যসংবলিত উস্কানিমূলক ও অস্পষ্ট লেখা পাওয়া গেছে বলে জানা গেছে।