আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মার্চ:
ভোটার হালনাগাদের কমিটি গঠনের সিডিউল তৈরীর সময় নির্ধারনে ডিসি’র আদেশ আমান্য এবং পরবর্তীতে এনডিসি’র আদেশ যথাসময়ে না মানায় মেহেরপুর জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদকে অফিস কক্ষে আটকিয়ে লাঞ্চিত করার অভিযোগে মেহেরপুর জেলা প্রশাসনের দু’উচ্চ পর্যায়ের কর্মকর্তা এনডিসি সহকারী কমিশনার আসলাম উদ্দিন ও সহকারী কমিশনার অবিদিয় মার্ডিকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এনডিসি সহকারী কমিশনার আসলাম উর্দ্দিনকে সাতক্ষীরায় এবং সহকারী কমিশনার অবিদিয় মার্ডিকে নড়াইলে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এছাড়াও অভিযুক্ত আরোও ১০ কর্মচারীর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযুক্ত প্রমানিত হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিভাগীয় কমিশনার অফিস থেকে এ আদেশ মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয়ে এসে পৌছে।
এদিকে বিভাগীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চালাচ্ছে বিভাগীয় নির্বাচন অফিস।
জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ বলেন, জেলা প্রশাসক সাহান আরা বানু তার গোপনীয় সহকারী মাহফুজুর রহমান কে দিয়ে তাঁকে ফোনে ডাকেন। কিন্তু ব্যস্ততার কারণে তিনি তাৎক্ষণিক যেতে পারেননি। পরে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসলামউদ্দিন তাঁকে টেলিফোনে ডাকেন। যেতে দেরি হওয়ায় জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী তাঁর অফিসে গিয়ে জোর করে ধরে নিয়ে আসে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের তিন তলায় আরডিসি’র কক্ষে নিয়ে দরজা বন্ধ করে এনডিসি আসলাম উদ্দিন, সহকারী কমিশনার অবিদিয় মার্ডি, শিক্ষানবীশ কর্মকর্তা জুবায়ের আহম্মেদ, সুজিত হাওলাদার মিলে জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ কিছু বুঝে উঠার আগেই তাঁকে জুতা পিটা সহ চড় -থাপ্পড় মারতে থাকেন।
তিনি আরোও জানান,আমি আমার অপরাধ কী জানতে চাইলে তারা আরও ক্ষুব্ধ হয়ে প্রায় ১৫ মিনিট ঘরে আটকে রাখে।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাচন অফিসার তাঁর অফিসের আরও কয়েকজন কর্মচারীকে সাথে নিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে যান।
নির্যাতিত নির্বাচন অফিসার জানান, বিষয়টি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলীকে জানানো হয়েছে। অনুমতি পেলে থানায় মামলা করবো।
এনডিসি আসলাম উদ্দিন জানান, আমি পরিস্থিতির শিকার। এ চেয়ে বেশি কিছু আমি এ মূহূর্তে বলতে পারছিনা।
জেলা প্রশাসক সাহান আরা বানু বলেন, লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি। তবে বাক- বিতন্ডা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা প্রশ্ন করা হলে জেলা প্রশাসক বলেন পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ।
উল্লেখ্য,গত ১০ তারিখে জেলা প্রশাসক সাহান আরা বানু তার একান্ত সহকারি মাহফুজুর এর মাধ্যমে ফোনে জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ কে ডেকে পাঠান। কিন্তু নির্বাচন অফিসার তাকে জানিয়ে দেন আপনি কেন ডাকছেন। জেলা প্রশাসক নিজে না ডাকলে আমি যেতে পারিনি। এরপর গত ১৩ তারিখে তিনি দেখা করতে গেলে জেলা প্রশাসককে না পেয়ে তিনি ফিরে আসেন। সর্বশেষ সোমবার বিকেল ৩ টার দিকে এনডিসি আসলাম নির্বাচন অফিসারকে ডেকে নিয়ে যায় এবং অফিস কক্ষে এ ঘটনা ঘটে। তবে কি কারনে তাকে ডাকা হয়েছিল কেউই নিশ্চিত করে বলছেনা।