মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুলাই:
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন, নির্যাতন নিপীড়ন চালিয়ে ও মামলা- হামলা করে বিএনপি’র রাজনীতি বন্ধ করা যাবেনা।
মাসুদ অরুন বলেন, আজ বিরোধীলের চিপ হুইপ’র উপর হামলা হয়েছে। কাল আমার-আপনার উপর হামলা হতে পারে। তাই বলে বসে থাকা যাবে না। ওই নির্যাতনকারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। মাসুদ অরুন শনিবার মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত চিপ হুইপ জয়নুল আবেদীন ফারুকের উপর নগ্ন হামলা, হরতালে নিপীড়ন-নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল শেষে মেহেরপুর প্রেসক্লাবের
সামনে এক সমাবেশে ওই কথাগুলো বলেন। এর আগে মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমান, সাংগাঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, যুগ্ম সম্পাদক এম এ কে খাইরুল বাশার, সদর উপজেলা সম্পাদক আমঝুপি ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সম্পাদক আবু ওবাইদুলাহ সেন্টু, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, জেলা মোটর শ্রমিক ইউরিয়নের সাধারন সম্পাদক আহসান হাবিব সোনা প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে মেহেরপুর জেলা বিএনপি’র অপর অংশের উদ্যোগে শনিবার বিকেলে বিরোধী দলের চিপ হুইপ জয়নুল আবেদীন ফারুকের উপর নগ্ন হামলা, হরতালে নিপীড়ন-নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিএনপি নেতা ইলিয়াস হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আনছারুল হক, হাফিজুর রহমান হাফি, আনোয়ারুল হক কালু, নূরুন্নবী বাবু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম বড় বাবু, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি গোলাম মহি হিরু, শহর যুবদলের সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন প্রমুখ উপস্থিত ছিলেন।