মেহেরপুর নিউজঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা বিভাগের অন্তর্গত জেলা ও মহানগর সমূহের সম্মেলন সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপি’র সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান আগামী তিন মাসের মধ্যে মেহেরপুরের সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন করার নির্দেশ দেন।