মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুলাই:
মিথ্যা ও রাজনৈতিক হয়রানী মূলক মামলায় মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসসহ ৪ জন জামিন লাভ করেছেন।জামিনপ্রাপ্তরা অপর নেতারা হলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মীর গোলাম ফারুক, পৌর বিএনপি নেতা হাবিব ইকবাল ও ছাত্রনেতা সোহেল হোসেন ।
আজ সোমবার মেহেরপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিনের আদেশ দেন।
এসময় কোর্ট প্রাঙ্গনে বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিথ হলে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসময় মেহেরপুর ১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেন, দমন পীড়ন চালিয়ে মেহেরপুরের চলমান দুঃশাসন বিরোধী সংগ্রামকে দাবিয়ে রাখা যাবেনা। তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে মেহেরপুরের জনগণের ব্যাপক সম্পৃক্ততা দেখে সরকার ভীত। সংক্ষিপ্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান সাতু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য যে, গত ৯ জুন ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে হামলা করা কালে উভয় পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ ও ছাত্রলীগ বাদী হয়ে বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করে।