মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মার্চ:
মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান রিটন,সহ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশান সহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি ,আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রীর মুজিবনগর আগমন এবং ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপন প্রস্তুতি নিয়ে বিশেষ বর্ধিত সভা করেছে জেলা যুবলীগ।
আজ শনিবার বিকাল ৫টার দিকে মেহেরপুর বড় বাজার বনিক সমিতি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলার যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, যুগ্ম সম্পাদক নিশান সাবের,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ মোমিন, গাংনী থানা যুবলীগের সভাপতি পলাশ, মুজিবনগর থানা যুবলীগের সাধারন সম্পাদক বিএম নাসীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন আগামী ১৭ এপ্রিলের পুর্বে যুবলীগ নেতাদের নামে করা মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহার করা না হলে ১৭ এপ্রিল সহ আওয়ামীলীগের সকল অনুষ্ঠান বয়কট করে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা আরো বলেন, প্রয়োজনে পুলিশের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে কেননা পুলিশ সঠিক তদন্ত না করেই আওয়ামীলীগের একটি গোষ্টির ইন্ধনে জেলা যুবলীগের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা নিচ্ছে। এছাড়া বক্তারা আরো বলেন, আগামী কাল রবিবার মুজীবনগরে যুবলীগ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারেরর জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দাবি জানানো হবে।