মেহেরপুর নিউজ:
মেহেরপুর ভৈরব নদের দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়।
সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন এর নেতৃত্বে গৌরীপুর কাছে ভৈরব নদের উপরে কয়েকটি দোকান এবং গোভিপুর ধাপাড়ী পাড়ায় বেশ কয়েকটি বাড়ি উচ্ছেদের পর সদর উপজেলার যাদবপুর ব্রিজের পূর্ব প্রান্তে কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় শত শত জনতা সেখানে ভিড় জমায়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার ভূমি মাইনউদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুবীর কুমার ভট্টাচার্য প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন । সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলে বেলা ১ টা পর্যন্ত।