মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুলাই:
মেহেরপুর মদনাডাঙ্গা গ্রামে বৃষ্টির পানি গড়িয়ে অন্যের উঠোনে যাওয়াকে কেন্দ্র করে আহত ফেরদৌসি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ফেরদৌসি মদনাডাঙ্গা গ্রামের কাওছারের স্ত্রী।
জানা যায়, শুক্রবার বিকেলের দিকে বৃষ্টির সময় মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের কাওছার আলীর বাড়ির ছাদে জমে থাকা পানি প্রতিবেশী আলতাফের ছেলে আল আমিনের বাড়ির উঠোনে গড়িয়ে যায়। এনিয়ে ২ পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কাওছারের স্ত্রী ফেরদৌসির ওপর হামলা চালায়। ওই সময় আল আমিনের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ফেরদৌসির মাথা ও মুখোমণ্ডল ক্ষতবিক্ষত হয়। ওই সময় তাকে উদ্ধারে এগিয়ে এলে জাহা বকশের ছেলে নুরুজ্জামানকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে গিয়ে আহত ফেরদৌসি ও নুরুজ্জামানকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ফেরদৌসির অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ ঘটনায় আজ শনিবার ফেরদৌসির স্বামী কাউছার আলী বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।