আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর:
মেহেরপুরের সদর উপজেলার শুভরাজপুর সীমান্তের ১৩২/২আর মেইন পিলারের কাছ থেকে বিএসএফ এর হাতে আটক ফাকের আলী নামের এক বাংলাদেশী নাগরিকের আটকের কারণ জানা এবং তার মুক্তির ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য আজ বিকেল ৪ টায় সময় বেঁধে দিয়ে বিএসএফ এর কাছে চিঠি পাঠিয়ে বৈঠকের জন্য অপেক্ষায় থাকার পর সাড়া না পেয়ে পতাকা বৈঠক বাতিল করেছে বিজিবি। পতাকা বৈঠক অনুষ্ঠিত না হওয়ায় ফাকের আলীর আটকের সঠিক কারণ জানা এবং তার মুক্তির ব্যাপারে কোন সুরাহা হয়নি।
কাথুলী কোম্পানী কমান্ডার জুলফিকার আলী মোবাইল ফোনে মেহেরপুর নিউজকে বলেন,আজ পতাকা বৈঠকের কথা থাকলেও বিএসএফ এর পক্ষ থেকে সাড়া না পেয়ে পতাকা বৈঠক আর অনুষ্ঠিত হয়নি। বিকেলে আগামীকাল পতাকা বৈঠকের জন্য দ্বিতীয় দফায় চিঠি পাঠালে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল পতাকা বৈঠকে বসবে কিনা সেটা তারা রাতে জানাবে।
উল্লেখ্য,আজ শুক্রবার বেলা ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের ইয়ারখুলু’র ছেলে পুলিশের লাইনম্যান ফাকের আলী শুভরাজপুর সীমান্তের ১৩২ নং মেইন পিলার অতিক্রম করে ভারতীয় ভূখন্ডে প্রবেশ করে। এসময় বিএসএফ এর রাউট বাড়ি ক্যাম্পের টহল সদস্যারা তাকে ধরে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।