গাংনী প্রতিনিধি :
মেহেরপুর-২ (গাংনী) আসনের স্বতন্ত্র প্রার্থী,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। একই আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাক্তার এ এসএম নাজমুল হক সাগরের পক্ষের নেতাকর্মীদের নানা রকম ভয়ভীতির প্রতিবাদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সােমবার (১ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে তিনি নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মকবুল হােসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন।
লিখিত বক্তব্যেই তিনি বলেন,আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনের ভােট গ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু ভােটগ্রহণের আগেই আওয়ামী লীগের প্রার্থীর নেতা স্থানীয় সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস বক্তব্যের মাধ্যমে ভােটারদের নানা ভাবে হুমকি দিয়েছেন। এমন হুমকির তীব্র নিন্দা ও তাদের আইনের আওতায় এনে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হােসেন,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইয়াসিন রেজা, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মােখলেছুর রহমান মুকুল, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সাবেক সম্পাদক শহিদুল ইসলাম শাহ,আওয়ামী লীগের সিনিয়র নেতা যথাক্রমে- মােজাম্মেল হক,আব্দুল বারী,আলী আজগর,শামসুজ্জামান মঙ্গল,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হােসেন,সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু প্রমুখ। এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী মকবুল হােসেন স্ব-শরীরে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার বরাবর হুমকি দাতা সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।