মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর:
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন,রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা করে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।
আজ বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুরে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে
আশরাফপুর হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুদ অরুন। সভাপতিত্ব করেন বিএনপি নেতা খালেকুজ্জামান মজনু। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মীর গোলাম ফারুক, শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ।
মাসুদ অরুন বলেন, ২০০১ সালের নির্বাচনোত্তর কল্পিত সহিংসতা ও সংখ্যালঘূদের উপর নির্যাতনের অজুহাত দেখিয়ে তরিকুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা করে বর্তমান সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে ।
তিনি বলেন,জনগন এসব মেনে নেবেনা। আগামী নির্বাচনে জবাব দিয়ে দেবে।
সাবেক এমপি নেতা কর্মীদের উর্দ্দেশ্য বলেন,আপনারা প্রস্তুত হউন। ব্যর্থ সরকারের দুঃশাসনের জবাব আন্দোলনের মাধ্যমে দিতে হবে।