মেহেরপুর নিউজ:
‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ।তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ। দে জাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ’—কাজী নজরুল ইসলামের অমর এই গানের সুরের সঙ্গে দ্যোতনা ছড়িয়ে আবারও এলো আনন্দের দিন, ঈদের দিন।
এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদুল ফিতর উদযাপন করছে। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে প্রসারিত হয় ইসলামে বর্ণিত সাম্যের জয়গান। পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে নিজবাড়ী ছুটে এসেছে সাধারণ মানুষ। ঈদুল ফিতর উপলক্ষে জেলা বাশিকে শুভেচ্ছা জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে সেজন্য দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ইসলাম ধর্মীয় পরিভাষায় এর অর্থ হলো পুরস্কারের দিবস। দীর্ঘ এক মাস রমজানে সংযমের পর মুসলমানরা এ দিনে আনন্দ করেন। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রমজান শেষ হলেই শুরু হয় শাওয়াল। উৎসব হিসেবে ঈদুল ফিতর পালন করা হয় এ মাসের প্রথম দিনে।