মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা মাঠে লিজ নেওয়া জমির কলা গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে জমির মালিকের বিরুদ্ধে। এতে লিজগ্রহীতা ইয়াকুব আলীর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িপোতা গ্রামের হযরত আলীর ছেলে ইয়াকুব আলী একই গ্রামের নোমান আলীর ছেলে সাঈদের কাছ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে ২ বছরের জন্য দুই বিঘা জমি লিজ নেন। তিনি ওই জমিতে কলা চাষ শুরু করেন। চুক্তি অনুযায়ী আগামী বৈশাখ মাসের শেষ দিকে লিজের মেয়াদ শেষ হওয়ার কথা।
অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের আগেই জমির মালিক সাঈদ লিজগ্রহীতার সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ করে জমির কান্দিওয়ালা কলা গাছ কেটে ফেলে সেখানে চাষ দিয়ে জমির দখল নিয়ে নেন।
ইয়াকুব আলী অভিযোগ করে জানান, লিজের মেয়াদ শেষ হতে এখনও সময় বাকি থাকলেও জমির মালিক কোনো পূর্বানুমতি বা আলোচনা ছাড়াই তার সব কলা গাছ কেটে ফেলেছেন। এতে তিনি লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।