মেহেরপুর নিউজ:
মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাজউদ্দীন খান বলেছেন, সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুরে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা হবে। তিনি বলেন, আমাদের নাম ভাঙিয়ে কিংবা অন্যায় আবদার করে কোনো কিছু করা যাবে না। পাশাপাশি তিনি মেহেরপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
রবিবার সকালে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদাকে সঙ্গে নিয়ে তিনি মেহেরপুর জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। এ সময় তিনি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
মেহেরপুর জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশাসন কাজ করে থাকে এবং সরকারি কর্মসূচি বাস্তবায়ন করাই তাদের দায়িত্ব। তিনি বলেন, আসুন আমরা সরকারি-বিরোধী দল বিভাজন ভুলে সকলে মিলে মেহেরপুরের উন্নয়নে কাজ করি। মেহেরপুর একটি শান্তিপূর্ণ জেলা উল্লেখ করে তিনি এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাতে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদাও বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, খাদেজা খাতুন, আবির আনসারী, হাবিবুর রহমান, ইস্তামুল হক, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, নায়েবে আমির মাহবুব-উল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, পেশাজীবী সংগঠনের সভাপতি আল আমিন হোসেন, কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হোসেন প্রমুখ।