মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে মেহেরপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান খানের নেতৃত্বে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোরশেদসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
অভিযানে আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’-এর গুদাম থেকে ২৬টি ব্যারেলে মোট ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের তারকাটা থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।
সীমান্তবর্তী এলাকায় এত বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুদ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল।
অভিযান শেষে লাইসেন্স ছাড়া তেল মজুদের অভিযোগে আবু সুফিয়ানকে আটক করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সীমান্তের কাছাকাছি এলাকায় অবৈধভাবে তেল মজুদের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। জব্দকৃত তেল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।