মেহেরপুর নিউজ,১৯ সেপ্টেম্বর:
মেহেরপুর পৌর মেয়রের স্বাক্ষর জাল করে মন্ত্রনালয়ে প্রকল্প পাঠানোর অপরাধে পৌরসভার নির্বাহী প্রকৌশলী হারুণ অর রশিদকে পুলিশের হাতে তুলে দিলেন পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু।
শনিবার সন্ধ্যা রাত পোনে ৮টার দিকে মেহেরপুর পৌরসভা থেকে নির্বাহী প্রকৌশলীকে পুলিশের হাতে তুলে দিলে এস আই রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে সদর থানা হেফাজতে নেয়।
পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু জানান, আমার স্বাক্ষর যুক্ত শহর উন্নয়ন কাজের একটি প্রকল্প অনেক আগেই মন্ত্রনালয়ে পাঠানো হয়। সম্প্রতি পৌরসভার নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ আমার স্বাক্ষর জাল করে আরো একটি প্রকল্প মন্ত্রনালয়ে পাঠান। বিষয়টি জানতে পেরে শনিবার সন্ধ্যায় অফিসের এসে কাগজপত্র যাচাই বাছাই করে ঘটনার সত্যাতা পাই। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বাক্ষর জালের বিষয়টি তিনি স্বীকার করলে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। মেয়র আরো বলেন, ইতিপূর্বে আমারসহ একাধীক কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগ রয়েছে নির্বাহী প্রকৌশলী হারুণ অর রশিদের বিরুদ্ধে।