সাহাজুল সাজু :
মৃত্যু তাে প্রত্যেক প্রাণীর জন্য অবধারিত। কিন্তু কিছু কিছু মৃত্যু যেনাে বেশি ব্যথা দেয়। আমরা চাইলেও মৃত্যুকে আটকাতে পারবাে না। জন্ম এবং মৃত্যু আমাদের জীবনের একটা অংশ। যদি সেই মৃত্যু যদি স্বাভাবিক ভাবে হয় তাহলে, মেনে নেওয়া যায়। কিন্তু কিছু কিছু অনাকাঙ্ক্ষিতভাবে যখন আমাদের কাছের মানুষের জীবন ঝরে যায় তখন তা মেনে নেওয়া কষ্টকর হয়ে পড়ে। তেমনই এক ধরণের মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায় কবলিত হয়ে মারা যাওয়া। একটি দুর্ঘটনা সারাজীবনের জন্য কান্না। অকালে পরিবারের একজন সদস্যের মৃত্যু যেনাে কেউ কখনো মেনে নিতে পারেন না।
সড়ক দুর্ঘটনায় মৃত্যু শুধু একটি পরিবারে গভীর শোক, ক্ষত সৃষ্টি করে না, আর্থিকভাবেও পঙ্গু করে ফেলে ওই পরিবারকে। কোনো কোনো দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি প্রাণ হারান। তখন ওই পরিবারের যে কী অবস্থা হয় তা বলার অপেক্ষা রাখে না। আর যারা পঙ্গুত্ববরণ করেন, তাদের পরিবারের অবস্থা আরও করুণ, আরও শোচনীয়। আর কোনো আর্থিক সম্পদই কখনোই কোনো সড়ক দুর্ঘটনায় কবলিত পরিবারের সুখ ফিরিয়ে আনতে পারে না।
সড়ক দুর্ঘটনা তাে প্রতিদিন দেশের কােন না কােন এলাকায় ঘটছে। কেউ পঙ্গত্ব বরণ করছেন। কেউ বা মৃত্যুবরণ করছেন। কিন্তু ঈদ আসলেই যেনাে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায়। আর দুর্ঘটনায় পঙ্গত্ব ও মৃত্যুবরণকারীর মধ্যে অধিকাংশ তরুণ। এ ধরণের দুর্ঘটনার কারণ খুঁজে দেখা গেছে- বেপােরােয়া গাড়ি চালানাে। আসছে,মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব,পবিত্র ঈদুল ফিতর। আর এই দিনে আপনার অপ্রাপ্ত বয়সের সন্তানকে বিশেষ করে মােটরসাইকেল ছেড়ে দিচ্ছেন। এটা দেয়ার মাধ্যমে আপনার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আসুন নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি।