মেহেরপুর নিউজ, ২৫ ডিসেম্বর :
মেহেরপুরে শান্তি ও মঙ্গল কামনায় পালিত হলো খৃষ্টধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব শুভ বড়দিন।
মঙ্গলবার সকালে সারাদেশের মত মেহেরপুরের মুজিবনগরেও পার্থনা, পাপমুক্তি, মঙ্গল কামনা,আর আনন্দ-উদ্দীপনায় বর্ণিল আয়োজনে পালিত হলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
আজ থেকে ২হাজরের ও বেশি বছর আগে এ দিনে যিশু খৃষ্ট জন্মগ্রহন করেন। এ দিনটিকে যিশুর জন্মদিবস বা বড়দিন হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছরের ২৫ ডিসেম্বরকে সম্মান জানিয়ে বড়দিন হিসেবে উদযাপন করে থাকে পৃথিবীব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। এটি তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।তাই এই উৎসব যথাযথ মর্যাদায় পালন করতে বাংলাদেশের বিভিন্ন জেলার মতো মেহেরপুরের মুজিবনগরেও শুভ বড়দিন উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ‘খ্রিস্ট প্রভু এসেছেন আজ মোদের এ ধরণীতে, শান্তির আলো জ্বেলেছেন আজ শান্তি মোদের দিতে’- এ সঙ্গীতের সুরে গির্জায় সকাল আটটায় প্রার্থনার মাধ্যমে শুরু হয় শুভ বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতা।
মুজিবনগর উপজেলার সবথেকে বড় গির্জা ভবেরপাড়া মিশন চার্চের ফাদার বাবুল বৈরাগী বাণী পাঠ ও বিশ্লেষণ করে শোনান পুণ্যার্থীদের। তিনি সারা বিশ্বের মানুষের মঙ্গল কামনা করেন এবং শান্তি প্রতিষ্ঠায় সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে সকাল থেকে কয়েক দফা প্রার্থনা করেন পুণ্যার্থীরা। উক্ত পার্থনায় হাজার হাজার পুণ্যার্থী অংশ নেন। এ সময় গির্জার ভেতরে ও বাইরে ছিল খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। প্রাথর্নায় দেশ, জাতি, মানবের মঙ্গল ও মিলন কামনা করে বলা হয়, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বড়দিন সবার। এদিনে ঈশ্বর আমাদের পাপ থেকে মুক্ত করতে এসেছিলেন। তিনি সবাইকে ভেদাভেদ ভুলে মিলনের আহ্বান জানিয়েছিলেন।
ইউপি সদস্য সংকর বিশ্বাস জানান, যিশু খৃষ্টের জন্মদিন উপলক্ষে সকাল আটটা থেকে মোট তিন দফা পার্থনা শুরু হয়। উক্ত পার্থনায় সকলের মঙ্গল কামনা করা হয়।