গাংনী প্রতিনিধি, তোফায়েল হোসেন:
মেহেরপুরের গাংনীতে পেঁয়াজের দাম লাগামহীন ভাবে বেড়ে যাওয়ায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার জরুরী সভা আহবান করেন।
শুক্রবার বিকালে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন, কেবল আইন দিয়েই নয়, পেঁয়াজ সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়াও আলোচনায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সেক্রেটারী বজলুর রহমান বুলু, ইট ভাটা কমিটির সভাপতি এনামুল হক, গাংনী থানা পুলিশের এস আই হাবিবুর রহমান, কাঁচামালের বিশিষ্ট ব্যবসায়ী সাহাদুল ইসলামসহ বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় আগামীকাল থেকে বাজার মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে নিবিড় পর্যবেক্ষণ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে জনজীবনে স্বস্তি আনতে সকলের সহযোগিতা কামনা করা হয়।