মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে এক রাতে ৩টি স্বর্নের দোকানসহ ৪ টি দোকানে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১২ ডাকাতকে আটক করেছে। আটক ডাকাতদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সাথে সাথে ডাকাতদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা উদ্ধার করেছে।
গত ১ জুলাই দিনগত রাতে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারের এক নৈশ প্রহরীকে বেধে রেখে বাজারের সুমন জুয়েলার্স, আক্তার জুয়েলার্স, সততা জুয়েলার্স ও মুকুল ইলেকট্রনিক্সের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সুমন জুয়েলার্সের মালিক মোমিনপুরের সুলতান আলীর ছেলে আবুল কালাম বাদি হয়ে বাঃ দঃ বিঃ ৩৯৫/৩৯৭ ধারায় মেহেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর মেহেরপুরের পুলিশ গত বুধবার রাতে মেহেরপুর সদর থানার এস আই হাসানের নেতৃত্বে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে সদর উপজেলার মোমিনপুর গ্রামের মোহাম্মদ আলীর ২ ছেলে ইদ্রিস আলী ও ফরজ আলী, রাফাতুলাহর ছেলে জার্মান, ধূলাই শেখের ছেলে খলিল, রিফাতের ছেলে শাজাহান, আমঝুপি গ্রামের আবুল হাসানের ছেলে স্বপন, রাজনগর গ্রামের আকবরের ছেলে আব্দুর রহিম, বলিয়ারপুর গ্রামের নফরউদ্দিনের ছেলে আবুল, শাবজানের ছেলে জমির, খোকসা গ্রামের আজিমুদ্দিনের ছেলে মোমিন, বারাদি গ্রামের আশরাফের ছেলে ইমরান এবং গাংনী উপজেলার ধলা গ্রামের ইকরাম মন্ডলের ছেলে জুলহাসকে আটক করেছে। আটক ডাকাতদলের মধ্যে জুলহাস, আব্দুর রহিম ও শাজাহান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এদের মধ্যে জুলহাসের কাছ থেকে পুলিশ ডাকাতির ভাগ পাওয়া ৬ হাজার টাকার মধ্যে ৩ হাজার টাকা উদ্ধার করেছে। আটক ডাকাতদের পুলিশ আদালতে সোর্পদ করলে আদালত তাদের জেল হাজাতে পাঠারার নির্দেশ দেয়।