তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামে আগুনে পুড়ে গেছে বসতবাড়ীর দু’টি ঘর। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে জানান ভুক্তভোগী জাফর আলী।
জাফর আলী ওই গ্রামের দাউদ হোসেনের ছেলে। জাফর আলী জানান, তিনি মাঠে কাজ করছিলেন। সংবাদ পেয়ে বাড়ীতে এসে দেখেন তার দু’টি ঘর ও ঘরের মধ্যে থাকা সকল জিনিস-পত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানো সম্ভব হলেও ঘরের মধ্যে থাকা কোন কিছুই রক্ষা হয়নি।
ভুক্তভোগী পরিবারসূত্রে জানা গেছে, আগুনে পুড়ে প্রায় দুই লক্ষাধিক টাকার বেশী ক্ষয়-ক্ষতি হয়েছে। অবশেষে, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে ওই ভুক্তভোগী পরিবারকে নগদ ৬ হাজার টাকা ও দুই বান টিন প্রদান করেন। নগদ টাকা ও টিন বিতরণের সময় কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেন উপস্থিত ছিলেন।