মেহেরপুর নিউজ:
স্বামী ও স্ত্রী দুজনেই প্রশাসনের মাঠ পর্যায়ের উচ্চ কর্মকর্তা। একজন মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও অপরজন একই জেলার মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো: উসমান গনি।
দুজনেরই মেধা, কর্মদক্ষতা, দায়ীত্ববোধ আর সততা এখন জেলাবাসির মধ্যে প্রশংসায় ভাসছে। প্রতিদিনই তাদের নিয়ে সোস্যাল মিডিয়া, স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ অনলাইন মিডিয়াগুলোতে আসছে সংবাদ। বিশেষ করে সোস্যাল মিডিয়া ফেইসবুক ব্যবহারকারীরা প্রতিদিনই তাদের কর্মতৎপরতাগুলোকে মূল্যায়ন করছেন গুরুত্ব দিয়ে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এখন রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, মিডিয়া কর্মী এবং সোস্যাল মিডিয়া কর্মীদের কাছে সব চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বৈশ্বিক চ্যালেঞ্জটি মোকাবেলায় সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাচ্ছেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও মুজিবনগর নির্বাহী অফিসার মো: উসমান গনি করোনা ভাইরাস মোকাবেলাতে স্থানীয় পর্যায়ের নানা উদ্যোগ গ্রহণ করেছেন। নিজ নিজ উপজেলার মানুষকে সচেতন করার পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করে চলেছেন মানুষকে। সামাজিক দুরুত্ব সৃষ্টি করতে তারা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন।
সামাজিক যোগোযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে কোনো সমস্যা শুনলেও সেখানে দৌড়ে গেছেন এ দুজন কর্মকর্তা।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সামাজিক দূরত্ব সৃষ্টি করতে ইতোমধ্যে উপজেলার হাট বাজারগুলোকে বিন্যাশ করেছেন।
বিশেষ করে কাঁচা বাজার, মৎস্য বাজারগুলোকে ১০ ফিট দুরত্বে করে বসিয়েছেন। যাতে করে হাটবাজারগুলোতেও সামাজিক দূরত্ব সৃষ্টি হয়।উপজেলার দারিয়াপুর, কেদারগঞ্জ, শিবপুরসহ বিভিন্ন হাটবাজারে এ নিয়ম চালু করেছেন তিনি।
এসব বাজারগুলো এখন ওই এলাকার ফুটবল মাঠগুলোতে নিয়ে গেছেন। এছাড়া সরকারী নিয়ম মেনে ব্যবসায়ীদের ব্যবসা করতে উদ্বুদ্ধ করছেন। সামাজিক দূরত্ব সৃষ্টি করতে এলাকার চায়ের দোকান, ভ্যান, রিকসা, আলগামন ইজিবাইক চলাচল বন্ধ করেছেন।
সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন তিনি। এসময় সরকারী আদেশ ভঙ্গ করায় প্রায় শতাধিক ব্যাক্তিকে আইনের আওতায় এনেছেন। আর এসব কর্মহীনদের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন সরকারী ত্রাণ সহায়তা।
এদিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান গাংনী উপজেলার ৯ টি ইউনিয়ন এবং গাংনী পৌর এলাকায় রাতদিন সমানভাবে ঘুরে বেড়াচ্ছেন সামাজিক সচেতনতা সৃষ্টিতে। সকাল থেকে গভীররাত পর্যন্ত হ্যান্ড মাইক নিয়ে ঘুরছেন এলাকাতে।
তিনি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপও নিয়েছেন। এছাড়া কর্মহীন মানুষদের তালিকা তৈরী করে বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দিয়েছেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেছেন, দায়ীত্ববোধ থেকেই কাজ করতে হচ্ছে আমাদের। এখন আমরা সবাই একটি বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে আছি। সবাইকে এক সাথে হয়ে কাজ করতে হবে। তবেই আমাদের সমাজ দেশ ও মানুষ বাঁচবে।