মেহেরপুর নিউজ:
ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা বানি আমিন বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর সদর উপজেলার উজললপুর গ্রামে মরহুম বাণী আমিন বিশ্বাসের বাড়ির সামনে রাস্তার উপরে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
করোনা ভাইরাসের কারণে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানাযা ও দাফন কাজ সংক্ষিপ্ত করা হয়। সে মতে গভীর রাত থেকে মেহেরপুর সদর থানার বিপুল পরিমাণ পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা বনি আমিন বিশ্বাস এর বাসভবন এলাকা পুরো ঘিরে রাখে পরিবারের সদস্য ছাড়া এলাকার ২৫-৩০ জনকে জানাজায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়।
সকাল ৯ টার দিকে লাশবাহী গাড়িতে করে বনি আমিন বিশ্বাসের লাশ তার বাসভবন এলাকায় পৌঁছালে চারিদিকে কান্নার রোল ভেসে আসে। গ্রামবাসীসহ বিপুল পরিমাণ মানুষ বানী আমিন বিশ্বাস এর লাশ এক নজর দেখার আগ্রহ প্রকাশ করলেও করোনা ভাইরাসের কারণে সীমিত আকারের মানুষকে অনুমতি দেয়া হয় লাশ দেখার জন্য।
পরে সকাল ৯ টা ৩০ মিনিটের সময় তার বাসভবনের সামনে রাস্তার উপর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বনি আমিন বিশ্বাসের ছেলে ইমরুল কায়েস তার পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। মাওলানা রুহুল আমিন জানাজা পড়ান। ইমরুল কায়েস, ইমরুল কায়েসের শ্বশুর জহিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সহ নিকটাত্মীয়রা ২৫ থেকে ৩০ জন মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
এর আগে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম সেখানে উপস্থিত হন। জানাজা শেষে দ্রুততার সঙ্গে গ্রাম্য গোরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে সকাল থেকে গোরস্থানে এলাকাতেও পুলিশের সদস্যরা ঘিরে রাখে। এর আগে রবিবার রাত সাড়ে নটার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গত ২৩ মার্চ সকালের দিকে মেহেরপুর-কাথুলী সড়কের ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পাশে।এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বনি আমিন বিশ্বাস মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। বানি আমিন বিশ্বাস (৬০) মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পাশে বিপরিদগামী আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বানি আমিন বিশ্বাস মারাত্মক দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যাওয়া সহ কানে আঘাত পান ।
উন্নত চিকিৎসার জন্য তাকে মেহেরপুর থেকে রেফার্ড করা হলে ওই দিন দুপুরের দিকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি করা হয়। ঐদিন থেকে সেখানে তার চিকিৎসা করা হচ্ছিল।