তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে রাকিবুল নামের এক স্বাস্থ্যকর্মীকে আটক করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার প্রতিবন্ধী পিতা বাদল হোসেন।
রোববার দুপুরে গাংনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রাকিবুলকে নির্দোষ দাবী করে বলেন, রাকিবুল ষড়যন্ত্রের শিকার। ব্যাক্তিগত আক্রোশে তাকে মিথ্যায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাদল হোসেন বলেন, গাংনী থানা পুলিশের একটি টীম শনিবার সন্ধ্যায় রাকিবুলকে গাংনীর মাদ্রাসা পাড়ার একটি ভাড়া বাসা থেকে আটক করে। রাকিবুলের বিরুদ্ধে তার প্রতিবেশী জনির উদ্দীনের মেয়ে মুক্তা খাতুন নগদ অর্থ ও ও
স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ করেন গাংনী থানায়। প্রতিদিনে ন্যায় রাকিবুল অফিসের কাজ শেষ করে শনিবার সন্ধ্যায় ভাড়ার বাড়িতে আসে। হঠাৎ গাংনী থানা পুলিশের একটি টীম তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। কি কারণে রাকিবুলকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে পুলিশ জানায়, রাকিবুলের বিরুদ্ধে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে বাদল হোসেন আরো জানান, দফায় দফায় বাদীর বাবার বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। গেল বছর রমজান মাসে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটায় থানায় একটি অভিযোগ করেন হাজী জনির উদ্দীন। পরে নিজের মেয়ের ননদ স্বর্ণালঙ্কার চুরি করেছে এমনটি প্রমাণিত হওয়ায় সে অভিযোগ বেশি দূর এগোয়নি।
গতকালের ঘটনাটিও নিছক পরিকল্পিত। স্বর্ণালংকার চুরির ঘটনাটি ঘটেছে তিন দিন আগে। অথচ মামলা করা হয়েছে গতকাল শনিবার। তাছাড়া স্বর্ণা লঙ্কার চুরির ব্যাপারে প্রথমে সাড়ে পাঁচ ভরি সোনা ও নগদ ২৫ হাজার টাকার কথা প্রচার করা হলেও পরে ১৬ ভরি স্বর্ণালঙ্কার চুরির কথা প্রকাশ পায়।
এদিকে রাকিবুলের আটকের ব্যাপারে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, রাকিবুলকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। অনেক ঘটনা রয়েছে যা পরবর্তীতে জানানো হবে।