গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীর কথা সাহিত্যিক ও লেখক রফিকুর রশীদের লেখা “মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস” গ্রন্থে ১ নম্বর কাথুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা ও তাঁর পরিবার।
শনিবার দুপুরে গাড়াবাড়িয়া গ্রামের নিজস্ব বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়। তিনি তার লিখিত বক্তব্যে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন রাজনৈতিক কর্মী তিনি। অথচ তাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। “মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস” বইটিতে পরিশিষ্ট ‘ঘ’ পৃষ্ঠা-২৪৯ ও ২৫৩ ক্রমিক নম্বর ২৭ তার পিতা আমিনুল ইসলামকে স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বইটিতে উল্লেখ করা হয়েছে ইচ্ছার বিরুদ্ধে ও শান্তি কমিটির সদস্য হিসেবে নাম লেখাতে বাধ্য হয়েছেন তিনি। লেখক নিজেই ফুটনোটে উল্লেখ করেছেন তার পিতার ব্যাপারে ভিন্নমত রয়েছে। তার পিতার জন্ম ১৯৫৭ সালের ১৮ অক্টোবর। ১৯৭১ সালে তাঁর পিতা ছিলেন ১৩ বছর বয়সের একজন কিশোর। মাত্র ১৩ বছরের একজন কিশোর কিভাবে স্বাধীনতা বিরোধী ভূমিকা অংশ নিতে পারে এটা বোধগম্য নয়। জোর দাবি করে বলেন তার পরিবারের কেউই স্বাধীনতা বিরোধী ছিলেন না।
তিনি আরো বলেন, তার পিতা আমিনুল ইসলামের বিরুদ্ধে বইটিতে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। তাকে ও তার পরিবারবর্গকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কারো দ্বারা ‘মিসইনফর্মড’ হয়ে লেখক এ মিথ্যা তথ্য প্রকাশ করেছেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সামনে একাধিক প্রমাণ ও যুক্তি উপস্থাপন করেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে এই মিথ্যা ও মনগড়া তথ্য আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করার জন্য লেখককে বিনীত অনুরোধ জানিয়েছেন। অন্যথায় তিনি ও তার পরিবার লেখকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।