মেহেরপুর নিউজ:
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে সচিবালয়ে আটকে হেনস্তায় জড়িতদের শাস্তি দাবীতে মানববন্ধন করেছে মেহেরপুর প্রেসক্লাব।
মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকদের বলেন, “আমরা চাই, তার (রোজিনা) বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং তাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। এছাড়া তাকে যারা হেনস্তা করেছে, তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয়।”
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর প্রেসক্লাব কার্যালয়ে সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান সাংবাদিকরা।মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, কামারুজ্জামান খান, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, বর্তমান সম্পাদক আল-আমিন হোসেন, সাংবাদিক মাজেদুল হক মানিক, মুন্সি ওমর ফারুক প্রিন্স প্রমুখ।বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। মানববন্ধনে মেহেরপুর জেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়েছিল প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে।
পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধির কয়েকটি ধারায়তার বিরুদ্ধে মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।
মঙ্গলবার আদালতে নিয়ে রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে পুলিশের আবেদন করলে তা নাকচ করে দেন বিচারক। তার জামিনের বিষয়ে আংশিক শুনানি শেষে বিচারক বাকি শুনানির জন্য বৃহস্পতিবার তারিখ রেখেছেন।