মেহেরপুর নিউজ:
কিছুক্ষণ আগেও কোলাহল মুখর পরিবেশে মানুষজন তাদের কাঁচা তরিতরকারি কেনায় ব্যস্ত ছিল। পুলিশের অভিযান শুরু হওয়ার পর থেকেই মুহুর্তের মধ্যে চেহারা পাল্টে গেল।
শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর শহরের গরুর হাটের চিত্র ছিল এটি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে মেহেরপুর জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ২৪ জুন থেকে মেহেরপুর সর্বাত্মক ১৫ দিনের লকডাউন ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ছিল লকডাউন এর প্রথম দিন।
শুক্রবার দ্বিতীয় দিনেও স্থানীয় জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা মানুষকে সচেতন করার কাজে ব্যস্ত হয়েছিলেন। লকডাউন এর সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুধুমাত্র হোটেল-রেস্তোরাঁ খোলা, সকাল ৬ টা থেকে ১২ টা পর্যন্ত কাঁচা বাজার এবং মুদিখানা দোকান খোলার কথা ছিল।
মেহেরপুর শহরের হোটেল বাজার শাহ আলম পৌর মার্কেট এবং বড়বাজার মুন্সি সাখাওয়াত হোসেন পৌর মার্কেট যথারীতি ১২টার মধ্যে বন্ধ করা হলেও শহরের গরুর হাটে ছিল জমজমাট অবস্থা। দুপুরের পর থেকেই গরুর হাটে গরু কম আসলেও কাঁচা মালামাল ব্যবসায়ীরা সেখানে তাদের পণ্য নিয়ে হাজির হয়। সন্ধ্যা যতই ঘনিয়ে আসতে থাকে, ক্রেতা সাধারণের ভিড় ততোই বাড়তে থাকে। গরুর হাটে মানুষের গাদাগাদি ছিল চোখে পড়ার মতো।
সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল গরুর হাটে অভিযানে নামেন। আর মুহূর্তের মধ্যে চেহারা পাল্টে গেল। ক্রেতাসাধারণ যে যার মত সটকে পড়ল। ব্যবসায়ীরাও তাদের মালামাল গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। আর এরই সাথে পেরিয়ে গেল দ্বিতীয় দিনের লকডাউন