মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ অক্টোবর:
পারিবারিক কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে হত্যার হুমকী দেয়ার মাত্র এক সপ্তা’র মধ্যে ঘুমন্ত স্ত্রীর উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। স্ত্রী নার্গিস (৩৫) অল্পের জন্য প্রানে রক্ষা পেলেও তার একটি হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হওয়ার পথে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরের দিকে মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামের আতাহার আলীর মেয়ের সাথে প্রায় ১৪ বছর আগে চুয়াডাঙ্গার রুইতনপুর চিৎলা গ্রামের আলী মোহাম্মদের ছেলে আলমগীরের সাথে বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে জন্ম নেয় ৩ কন্যা সন্তান। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। ওই সময় আলমগীর তার স্ত্রীকে হত্যার হুমকী দিলে নার্গিসের পিতা-মাতা কয়েক দিন আগে নার্গিসকে কলাইডাঙ্গা গ্রামে নিয়ে আসে। এদিকে সোমবার ভোরের দিকে নার্গিস পিতার বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় আলমগীর কলাইডাঙ্গা গ্রামে এসে তার শ্বশুর ও শ্যালকের ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে দিয়ে তার স্ত্রীর ঘরে প্রবেশ করে স্বজোরে ধারালো অস্ত্র দিয়ে গলাই কোপ মারে। এসময় নার্গিসের বাম হাত মাথার উপরে থাকায় কোপটি তার ওই হাতে লাগে। তার হাতটি দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় নর্গিস চিৎকার দিলে আলমগীর তার ব্যবহৃত বাই-সাইকেল ও ধারালো অস্ত্র ফেলে রেখে পালিয়ে যায়। নার্গিসকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।