গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দু’জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-নিহত সাইফুল ইসলামের শ্বশুর দেবীপুর গ্রামের আতাহার আলী (৬০) ও শাশুড়ি আসমা খাতুন (৫৫)।
মঙ্গলবার সকালে গাংনী থানা পুলিশের একটিদল স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে। এদিকে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, গত ৯ মার্চ পারিবারিক কলহের সূত্র ধরে বামন্দী শহরের বাসিন্দা সাইফুল ও স্ত্রী রোজিনার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রােজিনার বাবার বাড়ি দেবীপুর গ্রামে এসে স্বামী সাইফুল তাকে বেধম মারধর করেন।
এরই জের ধরে রােজিনার বাবার পক্ষের লােকজন উঠানের একটি গাছে বেঁধে সাইফুলকে জোর পূর্বক কীটনাশক (বিষ) পান করায়। খবর পেয়ে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটিদল সাইফুলকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে রাতে সাইফুলের মৃত্যু হয়। এ ঘটনায় সাইফুলের বাবা ভাদু মণ্ডল বাদি হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । ওই মামলার আসামি হিসাবে শশুর আতাহার আলী ও শাশুড়ি আসমা খাতুনকে গ্রেপ্তার করা হয়।