মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপি গ্রহণ করেন।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক বলেন, জামুকার ১৮/০৪/১৯ ইং তারিখের স্মারকে গঠিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের নাম ছিলনা। গত ৩০/০১/২১ ইং তারিখে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে দুইবার যাচাই বাছাইয়ের জন্য মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের নাম এসেছিল। কিন্তু পরের বার মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের নাম বাদ যায়। আশ্চর্যজনকভাবে ওই বিতর্কিত ব্যক্তিকে আবার যাচাই বাছাই কমিটির সভাপতি করা হলো। এ পর্যন্ত যারা সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা হয়েছেন, তাদের অনেককে মুক্তিযোদ্ধা হুমায়ন কবির সনদ দিয়েছেন। যিনি সনদ দিয়েছেন আবার তিনিই যাচাই বাছাই কমিটির সভাপতি এটা খুবই আশ্চর্যের বিষয়।
এই মানববন্ধন কর্মসূচীতেও যদি কমিটি বাতিল না হয় তাহলে আরো কঠিন কর্মসূচী দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ নুরুল ইসলাম, মোফাজ্জেল হোসেন মাস্টার, ওমেদিন প্রমুখ।