মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর:
বাংলাদেশ-ভারত সীমান্তের ১৩৭ নং মেইন পিলার সংলগ্ন ধলা গ্রামের মাঠের ধান ক্ষেত থেকে ৬ টি শক্তিশালী তাঁজা বোমা উদ্ধার করেছে ধলা ক্যাম্প পুলিশ। উদ্ধার করা বোমা গুলি বেশ শক্তিশালী বলে পুলিশ জানিয়েছে। বোমা গুলি বর্তমানে ধলা ক্যাম্প চত্বরে রাখা হয়েছে। তবে বোমা রাখার দায়ে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গাংনী থানার অফিসার ইনচার্জ জানান,বোমা গুলি পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ধান ক্ষেতে রাখা ছিলো। পুলিশ সংবাদ পেয়ে পরিত্যক্ত অবস্থায বোমা গুলি উদ্ধার করে ধলা ক্যাম্পে নিয়ে আসে। ধারনা করা হচ্ছে,বোমাগুলি ওপার বাংলা থেকে সন্ত্রাসীরা এপার বাংলায় নিয়ে এসে বিজিবি’র ভয়ে লুকিয়ে রেখে থাকতে পারে।
পুলিশ জানায়,আজ রোববার সকাল ৯ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের মাঠে ধান কাঁটতে গিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ৬ টি বোমা দেখতে পেয়ে স্থানীয় ধলা ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ধলা ক্যাম্পের এসআই মহিউল ঘটনাস্থলে পৌছে এবং বোমা গুলি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।