সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের এক অসহায় পরিবারে আশ্রয় নেয়া পরিচয়হীন একজন বাকপ্রতিবন্ধী যুবতি কন্যা সন্তান প্রসব করেছেন। যুবতীর কােল জুড়ে আসা ফুটফুটে এ কন্যা সন্তানের পিতৃপরিচয় পাওয়া যায়নি। প্রতিবন্ধী এ যুবতি বাক ও মানষিক প্রতিবন্ধী হওয়ায় কােন ব্যক্তির লালসার শিকার হয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে দেবীপুর গ্রামের অসহায় মহসিন আলীর বাড়িতে স্বাভাবিক (নরমাল) ভাবে এ যুবতি সন্তান প্রসব করেছেন। তবে যুবতির নাম ও পরিচয় এখনও মেলেনি। এদিকে দরিদ্র ব্যক্তির বাড়িতে অসহায়,পরিচয়হীন প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় মানুষ সন্তান দেখতে ভীড় জমাচ্ছেন।
আশ্রয়দাতা মহাসিন আলী বলেন,সন্তান প্রসব করা এ মেয়েটি গর্ভবতি অবস্থায় গত কয়েকদিন আগে আমাদের গ্রামে হেঁটে বেড়াচ্ছিল। তবে সে কথা বলতে পারছিলােনা। তাই,গ্রামের শিশুরা তাকে পাগলী ভেবে তেড়ে বেড়াচ্ছিল। তাকে আমার পরিবারের সদস্যরা দেখতে পেয়ে আশ্রয় দেয়। এবং সাধ্যমত খাবার খাওয়ায়। তাকে দেখে মনে হচ্ছিল যে গর্ভবতি। একজন গর্ভবতি মা অসহায়ের মতাে বেড়াবে এটা মনে হয়ে আমার হৃদয় কেঁদে যাচ্ছিল। যার কারণে পরিবারের সকল সদস্যরা সিদ্ধান্ত নিলাম,তাকে আমরা দেখাশােনা করবাে। সে আশ্রয় পাওয়ার পর অসুস্থ্যবােধ করছিল। সে কারণে গতকাল (শুক্রবার) তাকে হাসপাতালে নিয়েছিলাম। ডাক্তার বলেছিলেন গর্ভবতি এ মা ২০ থেকে ২৫ দিনের মধ্যে বাঁচ্চা প্রসব করবে। কিন্তু তার আগেই শনিবার বিকেলে সে আমার বাড়িতেই কন্যা সন্তান প্রসব করেছে। সে সন্তান প্রসব করায়, আমার বাড়ি আলােকিত হয়েছে। আমি মনে করি আমার নিজের মেয়ে সন্তান প্রসব করেছে। আমার স্ত্রীর মেয়ে হওয়ার সময় যে আনন্দ পেয়েছিলাম। ঠিক তেমনি আনন্দ পেলাম এ প্রতিবন্ধী মেয়ের সন্তান প্রসবে। আজ মনে হচ্ছে যেনাে ভাঙ্গা ঘরে চাঁদের আলাে!
স্থানীয়রা জানান, বাকপ্রতিবন্ধী এ যুবতির সাথে কথা বলার সময় অস্পষ্ট করে সে বলছিলেন বাড়ি জয়পুরহাট জেলায়। এদিকে,পরিচয়হীন যুবতির সন্তান প্রসবের খবর পেয়ে দেবীপুর গ্রামে সদ্য ভূমিষ্ট সন্তানকে দেখতে ছুটে আসেন স্থানীয় বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল।
চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল বলেন,পরিচয়হীন এ যুবতির কোলজুড়ে ফুটফুটে সুন্দর কন্যা সন্তান হওয়ায় আমরা সবাই আনন্দিত। আমি ব্যক্তিগতভাবে তাকে সহযোগিতা করেছি। যাতে কোন অবহেলা না হয়, সেজন্য বাড়ির মালিক মহসিন আলীকে পরামর্শ দিয়েছি । ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে সকল ধরণের সহযোগিতা করা হবে।আমি বিষয়টি দেখভালের জন্য গাংনী উপজেলা নির্বাহী অফিসারকে অনুরােধ করেছি।