গাংনী প্রতিনিধি :
জাহাঙ্গীর হােসেন নামের এক মানসিক প্রতিবন্ধী ৭ বছর হারিয়ে থাকার পর অবশেষে তার আপন ঠিকানা খুঁজে পেয়েছেন। জাহাঙ্গীর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার নিলাম্বরপট্টি গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।
বুধবার বিকেলে মেহেরপুরের গাংনী থানা পুলিশ ও খাসমহল বিজিবির সদস্যরা প্রতিবন্ধী জাহাঙ্গীর হােসেনকে তার স্বজনদের হাতে তুলে দেয় । ৭বছর পর আপনজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জাহাঙ্গীর। হারিয়ে যাওয়া ছােট ভাইকে কাছে পেয়ে যেনাে আনন্দে আত্মহারা হয়েছেন জাহাঙ্গীরের বড় ভাই আব্দুর রহমান।
বড় ভাই আব্দুর রহমান বলেন, ৭ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল মানসিক প্রতিবন্ধী আমার ছােট ভাই জাহাঙ্গীর হােসেন । মা-বাবা ও আত্মীয়-স্বজনরা জাহাঙ্গীরকে খােঁজার জন্য ৭বছর পথে পথে ঘুরে আসছিল । অবশেষে মহান আল্লাহর দয়ায় ও বিজিবি এবং পুলিশের সহযোগীতায় আমার ছােট ভাই জাহাঙ্গীরকে আবার ফিরে পেলাম।
তিনি জানান, জাহাঙ্গীরের বয়স এখন ৩৫ বছর। ৭ বছর আগে হারিয়ে যাওয়ার পর সব কিছু ভূলে গেলেও রক্তের বাধন কখনও ছিন্ন হয়নি। স্বজনদের দেখা মাত্রই সে অতি সহজে চিনে নিয়েছে।
জাহাঙ্গীরের ভাতিজা মুর্শেদ আলম বলেন, চাচা জাহাঙ্গীর সাত বছর আগে বাড়ি থেকে সবার অজান্তেই বের হয়েছিলেন। এরপর আর ফিরে আসেননি। আমরা অনেক খোঁজাখুজি করেছি। কিন্তু পায়নি। তার বাবা তাকে খুঁজে না পেয়ে এক সময় মারা যান। এ অবস্থায় গত ১৩ আগষ্ট আমাদের এলাকার সিংগাইর থানা পুলিশ জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া গেছে এমন সংবাদ দেয়। পুলিশের কাছ থেকে নিশ্চিত হয়ে তাকে নিতে গাংনী থানায় আসি আমরা। সাত বছর পর চাচাকে পেয়ে আমরা খুব খুশি। এজন্য বিজিবি ও গাংনী পুলিশকেও ধন্যবাদ জানাই।
এদিকে,স্থানীয়দের ধারণা,জাহাঙ্গীর হয়তাে বাংলাদেশের কােন জেলায় বা ভারতের কােন প্রদেশে হারিয়ে ছিল।
৪৭ বিজিবির মেহেরপুরের গাংনীর খাসমহল বিওপি ক্যাম্প কমান্ডার শাহাবুদ্দীন জানান, গত ১১ আগস্ট দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৮ এর ৪ এস নিকট সন্দেহতীতভাবে ঘোরাফেরা করার সময় বিজিবির একটি টহলদল জাহাঙ্গীরকে আটক করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলেও সে কোনো কথা বলেনি। পরে গাংনী থানা পুলিশে সোপর্দ করা হয়।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, প্রথমে তাকে জেল পলাতক কোনো দাগী আসামি মনে হয়েছিল। পরে তার দেওয়া তথ্য নিশ্চিত করতে মানিকগঞ্জের সিংগাইর থানার সাথে যোগাযোগ করা হয়। ওই থানা পুলিশ এলাকায় গিয়ে বিস্তারিত শুনে ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে নিশ্চিত হয়, সে একজন মানসিক প্রতিবন্ধী। পরে পরিবারের লোকজন ও ওই এলাকার গণমান্য ব্যক্তিদের মাধ্যমে স্বজনদের হাতে জাহাঙ্গীর হােসেনকে তুলে দেওয়া হয়।